বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস, মিসরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমদ ফাহমি ও তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাতের তথ্যটি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বিকালে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গতকাল দুপুরে তারেক রহমানের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমানের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যায়। বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
গতকাল বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবীর খান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষভাবে তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনে উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
বৈঠকগুলোতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ ও চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।










