কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা (মাঝি) খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উখিয়ার জামতলী ১৫ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
নিহত মাঝিরা হলেন উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের হেড মাঝি আবু তালেব (৪০) ও সি/৯ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেন (৩৫)। তাদের সি/৯ ব্লকের একটি পাহাড়ের ঢালে গুলি করে হত্যা করা হয়। নিহত রোহিঙ্গাদের স্বজনরা জানান, ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের পৃথকভাবে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, দুষ্কৃতকারীদের গুলিতে মঙ্গলবার মধ্যরাতে দুই রোহিঙ্গা (নেতা) মাঝি নিহত হয়েছেন। খবর পেয়ে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা মাঝি আবু তালেব ও সৈয়দ হোসেনকে উদ্ধার করে জামতলী ক্যাম্পের একটি আইএনজিও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহিঙ্গা সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেড মাঝি আবু তালেবকে আরো উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।










