রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে গতকাল রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ওরফে মুছাব্বির বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক।

আজিজুর রহমানের সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি ফজলুল করিম বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

এদিকে খবর শুনে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে ওই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

গুলিবিদ্ধ মাসুদের সঙ্গে হাসপাতালে যাওয়া জাবেদ নামে একজন ঘটনার বর্ণনা দিয়ে জানান, স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির, মাসুদসহ কয়েকজন রাত ৮টার দিকে পশ্চিম তেজতুরী এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন মোটরসাইকেলে করে এসে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। এতে পাশে থাকা মাসুদও গুলিবিদ্ধ হন। দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেয়া হয়। পরে মাসুদকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তিনি মূলত তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। বাসা কেরানীগঞ্জে।’