কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

রোববার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পৌরসভা সংলগ্ন শহিদ সরণি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাগুলিতে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আশিকুর রহমান বলেন, কক্সবাজার সদর হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে নিয়ে আসা হয়। এর মধ্যে একজন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়েও আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ধাউ ধাউ করে পুড়ছে কার্যালয়টি।

কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে শহরের কালুরদোকান এলাকায় জড়ো হন। মিছিল সহকারে বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেন। পরে বাস টার্মিনাল থেকে শহীদ মিনারে আসার সময় তাদের ওপর গুলি করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।