বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে টানা ১১ দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঝিনাইদহের স্বাস্থ্য সহকারীরা।
গতকাল সকাল থেকে শহরের পুরনো হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছেন ১৮৪ জন স্বাস্থ্য সহকারী। এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যসোসিয়েশন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দার, উপদেষ্টা নাজিম উদ্দিন জোয়ার্দ্দার, সদর থানা শাখার সভাপতি আব্দুর রাকিবসহ অন্যরা বক্তব্য রাখেন।
গত ২৬ নভেম্বর শুরু হওয়া এ কর্মসূচি চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করছেন। আন্দোলনকারীরা স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেডে উন্নীতকরণসহ বেতনবৈষম্য নিরসনের দাবি জানান। এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা শিশুদের স্বজনরা।










