সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারগু খাতুন (৩৬) বৃ-আঙ্গারু পূর্বপাড়া গ্রামের ইসমাইল সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা নারগু খাতুনকে হত্যার পর মরদেহ বাড়ির পাশে ফেলে রেখে চলে যায়। আজ ভোরে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে গত কয়েক দিন ধরে এলাকায় আব্দুল্লাহ ও রউফ গ্রুপের মধ্যে আধিপত্যি বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। খুন হওয়া নারগু খাতুন আব্দুল্লাহ গ্রুপ সমর্থিত ইসমাইল সরদারের মেয়ে।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ খবর নিশ্চিত করে জানান, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।










