দীর্ঘ এক দশক পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। তবে ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর ১১ আগস্ট তিনি দেশে ফিরে আসেন।









