লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ সবুজ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন মা হাজেরা খাতুন ও ভাই বাবুল হোসেন।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার নলডগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। নিহত সবুজ স্থানীয় জয়নাল আবদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় নলডগী গ্রামের জয়নাল আবদীনের বাড়ির সবুজ গং ও জলিল গংদের মধ্যে দীর্ঘদিন ধরে দু’টি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সবুজ ওই পুকুরে মাছ ধরতে গেলে জলিল গংরা তার উপর হামলা করে। এসময় লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে সবুজকে গুরতর আহত করে তারা। সবুজকে বাঁচাতে গেলে মা বিবি হাজেরা খাতুন ও বড় ভাই বাবুলকেও পেটায় প্রতিপক্ষের লোকজন। পরে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক সবুজকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বাবুল বলেন, সবুজ আমাদের নিজস্ব পুকুরে মাছ ধরতে গেলে একই বাড়ির জলিল ও তার ছেলে রশিদ ও খুরশিদসহ ৫/৬ জন তাকে পিটিয়ে হত্যা করে। আমরা বাঁচাতে গেলে আমাদেরকেও মারধর করে তারা।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে মারামারিতে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










