সিরাজগঞ্জের শাহজাদপুরের পিকআপ ভ্যান চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে অটো রিকশার চালকসহ আরো তিনজন।  তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  তাদের চালক আফসার আলীর অবস্থা আশঙ্কাজনক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী প্রধান খবরটি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উল্লাপাড়া থেকে পাবনাগামী একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যান বগুড়া নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় পৌঁছলে যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে চাপা দেয়।  এসময় ঘটনাস্থলেই শাহজাদপুর উপজেলার পারকোলা গুচ্ছগ্রামের চান্দু শেখের স্ত্রী কাজলি বেগম (৬০) এবং মৃত আনিস শেখের স্ত্রী সালেহা খাতুন (৪০) নিহত হন। আহত হন চালকসহ আরো তিনজন। চালকের অবস্থা আশঙ্কাজনক।  ভোরে ৪ জন যাত্রী নিয়ে উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাচ্ছিলেন অটোরিকশা চালক আফসার আলী।

পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।  নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।