নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুদিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালক মজুর উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উজেলার পূর্বাচল উপশহরের ২ নং সেক্টরের শিম বাগানের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মজুর উদ্দিন কেয়ারিয়া এলাকার আফতার উদ্দিনের ছেলে।

নিহত মজুর উদ্দিনের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, মজুর উদ্দিন গত ৯ জানুয়ারি সকালে অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হন। বাসা থেকে বের হয়ে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে যান। কিন্তু রাতেও বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

তিনি আরো জানান, নিহত মজুর উদ্দিনের মৃতদেহ শিমের মাচার নীচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ পূর্বাচল উপশহরের ২ নং সেক্টরের ৪০২ নং রাস্তার ১নং প্লটের শিম বাগানের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারি চক্র মজুর উদ্দিনকে হত্যা করে অটো রিকশা ছিনিয়ে নিয়ে মৃতদেহ ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, পুলিশ বিষয়টি তন্তদ করছে। কারা কী কারণে তাকে হত্যা করেছেন তা খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।