কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় ১৩২টি ডিম দিয়ে সাগরে ফিরেছে অলিভ রিডলি সি টার্টেল প্রজাতির একটি কাছিম। সাগরের সাতটির মধ্যে ক্ষুদ্রতম প্রজাতিগুলোর একটি এই অলিভ রিডলি বা জলপাইরঙা সাগর কাছিম। স্থানভেদে এ জাতের কচ্ছপকে পান্না কাছিমও বলা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখালে ডিমগুলো ছেড়ে সাগরে ফেরে কাছিমটি। ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ার সোনারপাড়া বিচের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় একটি অলিভ রিডলি কাছিম ১৩২টি ডিম দিয়েছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ডিমগুলো সংরক্ষণ করছে। আশা করছি আগামী ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।

এর আগে একই জায়গায় চলতি বছরের ৩১ জানুয়ারি একটি কাছিম ১২৫টি ডিম পাড়ে। ওই ডিমগুলোও বোরির কাছিম হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।