জাতীয় নাগরিক পার্টি এখনো কোন জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আটটি রাজনৈতিক দল।
পোস্টে আরিফুল ইসলাম আদীব বলেন, 'চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিস লিডিং। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সাথে অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে।'










