খুলনায় শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকও রয়েছেন। এ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে এবং একজনের মৃত্যু হয় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী পাঁচজন হলেন, মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা এলাকার খাদিজা বেগম (৫৫), খালিশপুর কাস্টমস হাউজের কায়কোবাদ (৫৮), সোনাডাঙ্গার শেখপাড়ার মোশাররফ হোসেন (৭৫), আড়ংঘাটা থানার গাইকুড়ের কামরুল ইসলাম(৭০) এবং রূপসার স্কুল শিক্ষক আলম মামুন (৩৫)। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সকলেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুমেক হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ড সূত্রে জানা যায়, বয়রা এলাকার খাদিজা বেগম (৫৫) শুক্রবার রাত সোয়া ৯টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকার মাত্র ১৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
শুক্রবার দুপুর সোয়া ১২টায় শাসকষ্ট সমস্যা নিয়ে ভর্তি হন খালিশপুর থানাধীন কাস্টমস হাউজের কায়কোবাদ (৫৮)। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১২টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। শুক্রবার সকাল ৭টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন (৭৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন।
আড়ংঘাটা থানার গাইকুড় কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি কামরুল ইসলাম (৭০) শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি ভর্তি হন। তিনি আড়ংঘাটার গাইকুড় গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। গত কয়েকদিন যাবত তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার বিকেলে বেশী অসুস্থ হলে খুমেক হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
এদিকে, সরকারি নবপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রূপসা উপজেলার গোয়াল বাথান গ্রামের বাসিন্দা আল মামুন (৩৫) করোনার উপসর্গ নিয়ে শনিবার দিনগত রাতে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে রাত পৌনে ৯টার দিকে মারা যান।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার রয়েছেন ৭১ জন। বাকী দু’জন হলেন, বাগেরহাটের একজন এবং সাতক্ষীরার একজন।









