লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিছা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের লরেন্স গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিছা উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া গ্রামের মনির হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে মনির স্ত্রী-সন্তান নিয়ে লরেন্স গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। সকালে নাফিছা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বৈদ্যুতিক মিটারের সঙ্গে লাগানো তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক শামীম মো. আফজাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।