রাতভর বৃষ্টির পর সকালে রাজধানীবাসী দেখেছে অবিরাম বর্ষণ। এতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর সমান পানি ভেঙে কর্মস্থলে যেতে হচ্ছে মানুষকে। বিভিন্ন অলিগলি তো বটেই, শহরের প্রধান সড়কগুলোতেও জলাবদ্ধতা বাড়িয়েছে জনদুর্ভোগ।
রাজধানীর মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মালিবাগে জমেছে হাঁটুপানি। নিউমার্কেট, সায়েন্স ল্যাব, জিগাতলা, আসাদগেট, উত্তরা, এয়ারপোর্টেও পানি জমেছে। কাজিপাড়া, শ্যাওড়াপাড়ার প্রধান সড়কগুলোতেও জমেছে পানি। বাসা থেকে বের হয়ে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ। সড়কে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে যানজট।

ছবি- প্রতীতি জয়িতা
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মায়েদা তানহার বাসা তেজকুনিপাড়ায়। তিনি বলেন, 'জনবসতিপূর্ণ শহরে এমনিতেই প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় দীর্ঘ যানজটের কারণে। আর সকাল থেকে এই টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা, যানজট আরো দীর্ঘ হওয়া যেন শহুরে জীবনে এক বিভীষিকা।'
কাজিপাড়ার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জাকিয়া ইয়াসমিন। তিনি বলেন, 'কারওয়ান বাজারে অফিসে যাওয়ার জন্য বের হয়ে দেখি বাসার গলিতে প্রায় হাঁটু সমান পানি জমে আছে। রিকশার পাদানিতেও পানি উঠে যাওয়ার উপক্রম হয়েছে।'
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা। লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে।










