সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ২০০ গজ এলাকা আলিম পরীক্ষার জন্য সংরক্ষিত হওয়ায় ওই মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ করা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ২০ নভেম্বর এই মাঠে সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সমাবেশের জন্য নির্ধারিত ওই দিনই বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলিয়া মাদ্রাসা কেন্দ্রের আলিম শ্রেণীর হাদিস ও উসূলুল হাদিস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ আলিয়া মাদ্রাসার ২০০ গজ এলাকাকে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করেছে। কারণ মাঠটি ২০০ গজের মধ্যেই পড়েছে।

জানা গিয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর যে ২৯টি পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকা ‘অস্থায়ী সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রও রয়েছে।

এসএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইন ২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, যে সব কেন্দ্রে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে, এগুলো সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়ে নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এখন বিএনপির গণসমাবেশ যেখানে হবে, সেটা যদি ২০০ গজের ভেতরে পড়ে, তাহলে বিএনপি নেতারাই তাদের করণীয় ঠিক করবেন।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের বিষয়টি তাদের নজরে এসেছে। এই পরিস্থিতিতে সমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বসবেন এবং সিদ্ধান্ত জানাবেন।