সিরাজগঞ্জে কভিড-১৯-এর টিকা গ্রহণের ক্ষেত্রে পুরুষদের তুলনায় পিছিয়ে আছেন নারীরা। এমন চিত্র দেখা গেছে জেলায় টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন ও টিকা গ্রহণের তথ্যে।

জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট গোলজার হোসেন জানান, গত ৭ ফেব্রুয়ারি জেলায় সর্বপ্রথম টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ১১ মার্চ পর্যন্ত টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছে ৬৯ হাজার ৩৮৮ জন। নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে ১৩ মার্চ পর্যন্ত ৩৩ হাজার ৩৭০ জন পুরুষ ও ২০ হাজার ৬৭৪ জন নারী টিকা গ্রহণ করেছে।

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুন নাহার জানান, কুসংস্কার ও টিকাভীতির কারণে টিকা গ্রহণে নারীদের কিছুটা অনীহা থাকতে পারে। ফলে নিবন্ধন ও টিকা গ্রহণের ক্ষেত্রে নারীদের সংখ্যা কম।

জেলা অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে প্রথম কিস্তিতে ৯৬ হাজার ডোজ কভিড-১৯-এর টিকা বরাদ্দ হয়েছে। নয়টি উপজেলার ১১টি কেন্দ্রে এসব টিকা দেয়া হচ্ছে।