টিউলিপ সিদ্দিক বংশের অভ্যাস বাদ দিতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে বংশের সম্পর্ক টেনে তিনি বলেন, যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের। তিনি লন্ডনে বড় হয়েছেন, সেখানে লেখাপড়া করেছেন। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার বংশগত যে অভ্যাস তা তিনি বাদ দিতে পারেননি। তাই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।

রিজভী বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার ভাগ্নি টিউলিপ ৫০০ কোটি ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এসব গণমাধ্যমে এসেছে।

এটিএম খালেদ হত্যার বিচার দাবি করে তিনি বলেন, এতদিন চলে গেল হত্যার বিচার এখনো হয়নি কেন? এ দায় আপনাদের কৃষিবিদদেরও আছে। আমাদের সবার আছে। এ রকম একজন প্রখ্যাত ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধা হত্যার বিচার হলো না, এটা অত্যন্ত কষ্টের বিষয়।