ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের চররূপদাহ গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম রিপন হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের মৃত বারিক বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সকালে বাড়ির পাশের ডোবায় কৃষক রিপনের মাটিচাপা দেয়া মরদেহের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন কৃষক রিপন হোসেন। এ ঘটনায় পরদিন নিহতের দুলাভাই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করে। কৃষক রিপন দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার ক্লু উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।