টানা তিনদিনের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক বেড়েছে। শহরের হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টে শনিবার পর্যন্ত কোনো কক্ষ খালি নেই। শহরের পর্যটন জোনের লাবণী থেকে কলাতলী পয়েন্টের তিন কিলোমিটার সমুদ্রসৈকত এলাকায় পর্যটকের ভিড় দেখা গেছে। তাদের আনাগোনা আজ শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে চলমান ৩ অক্টোবর পর্যন্ত বিচ কার্নিভালে আরো কিছু পর্যটক থাকবেন বলে আশা করা হচ্ছে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, ‘শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট-গেস্ট হাউজের সব কক্ষ ভাড়া হয়েছে। আগেভাগে যারা কক্ষ ভাড়া নিয়েছেন, তারা ঠিকই ছাড় পেয়েছেন। হয়তো আজকাল যারা এসেছেন, তারা ছাড় পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, ‘পর্যটকের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’










