হবিগঞ্জের বাহুবলের গুঙ্গিয়াজুড়ি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া নারীরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের জরিনা বেগম, নেদি বেগম, আয়াতুন্নেছা ও হুর বানু। এর মধ্যে আয়াতুন্নেছা ও হুরবানু সম্পর্কে জা হন। অন্য দুজন তাদের প্রতিবেশী।
বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবুল খায়ের জানান, জরিনা বেগমের মেয়ে তৃণা বেগমের বিয়ের তারিখ আগামী ২২ জুলাই ধার্য ছিল। বিয়ের দাওয়াত দিতে বুধবার দুপুরে স্বজন ও প্রতিবেশী পাঁচজনকে নিয়ে ছোট ইঞ্জিনচালিত নৌকা করে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় যান জরিনা। সন্ধ্যার পর তারা ওই নৌকা করে স্নানঘাট থেকে শিখারপুরে বাড়ির দিকে ফিরছিলেন। পথে গুঙ্গিয়াজুড়ি হাওরের রউয়াইল এলাকায় হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও জরিনাসহ চার নারী ডুবে যান। স্থানীয়রাই তাদের মরদেহ উদ্ধার করে।










