রাষ্ট্রচিন্তাবিদ, তাত্ত্বিক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ সকাল ১০ টার দিকে বদরুদ্দীন উমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
এক শোক বার্তায় এবি পার্টির নেতারা বলেন, বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের রাজনীতির এক খোলা ইতিহাস। তিনি দেশের গণমানুষের মুক্তি ও আওয়ামী ফ্যাসীবাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন।
এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন। লেখক ও গবেষক হিসেবে বদরুদ্দীন উমরের ভুমিকা সম্মানের সাথে স্মরণ করে এবি পার্টির নেতারা বলেন, ‘তিনি বাংলাদেশের ইতিহাস নির্মোহভাবে তুলে ধরেছেন, যা আমাদের সামনে একটি ঐতিহাসিক দলিল আকারে রয়েছে। বিশেষ করে ২০২৪ এর ৭ জুলাই তার সম্পাদিত সংস্কৃতি পত্রিকায় তিনি লিখেছিলেন, আওয়ামীলীগকে মেরে তাড়াতে হবে। যা ২৪ এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবি পার্টি।










