চিকিৎসক ও নার্স আক্রান্ত হওয়ার পর হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা হয়। গতকাল সোমবার রাতে এখানকার এক চিকিৎসক ও নার্স করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হোন।

লাখাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা কর্মকার বলেন, আক্রান্ত চিকিৎসক ও নার্স হাসপাতালের ভেতরেই আইসোলেশনে আছেন। এ কারণে হাসপাতালের কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হওয়া উপজেলার আরেক ব্যক্তিকে হবিগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার গ্রাম লকডাউন করা হয়েছে।

এর আগে সোমবার রাতে হবিগঞ্জে একদিনে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন ডা. মো. মোখলেছুর রহমান। 

তিনি জানান, সোমবার দিনে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই ১০ জনের নমুনা পরীক্ষা করানো হয়। রাতে রিপোর্ট পজেটিভ আসার কথা জানানো হয়।

আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জ ২ জন ও চুনারুঘাট ১ জন বলে জানান তিনি। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। আর পুরো সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৮জন। আক্রান্তদের মধ্যে ডা. মঈন উদ্দিন নামের ওসমানী মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপক মারা গেছেন।