মূল্যতালিকা ছাড়া অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে লক্ষ্মীপুরে সার বিক্রির তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার জকসিন বাজার এলাকায় গতকাল অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদারতের মাধ্যমে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুস সালেহীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মনির হোসেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মেসার্স বাসার অ্যান্ড ব্রাদার্সসহ দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা, অনাদায়ে এক মাসের জেল এবং মেসার্স রেজ্জাক ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন বলেন, বাজার মনিটরিংয়ে জানতে পারি, কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এমন অভিযোগে সদরের জকসিন বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় কেউ যাতে অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারেন, আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।