চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সকালে এ হামলার ঘটনা ঘটে।

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ‘সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদকে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়েছে। পারভেজ নামে আরেক সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

আহত হোসাইন জিয়াদ বলেন, ‘জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০-৬০ জন আমাদের ওপর হামলা করে। কিছু বলার চেষ্টা করলেও তারা না শুনেই অস্ত্র ও গাছের টুকরো দিয়ে আমাদের আঘাত করতে থাকে। আমরা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসি। তবে আমাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের পাশাপাশি ক্যামেরাও ভেঙে ফেলেছে। আমাদের বহনকারী যানবাহনটিও নিয়ে গেছে।’

শনিবার ভোরে আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এ দুই সাংবাদিক।