নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে দুবাই প্লাজার ৬ষ্ঠ তলায় একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ৩ জন দগ্ধ হয়েছে। আগুনে দগ্ধ রেস্টুরেন্টটির ম্যানেজারসহ দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন- রেস্টুরেন্টের ম্যানেজার ফরিদ (৪৫), তার সহকারী সামসুল (২২) ও রাসেল (২১)।
দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকালে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকালে রয়েল রেস্টুরেন্টের রান্নাঘরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ম্যানেজার ফরিদ, তার সহকারী সামসুল ও রাসেল আগুনে দগ্ধ হন। ফরিদ ও সামসুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক বার্ন ইনস্টিটিউটে রেফার করেন।
বিস্ফোরণে রেস্টুরেন্টের থাইগ্লাসসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে আজ সকালে আড়াইহাজার থানা কার্যালয়ের একটি কোয়ার্টারে গ্যাস থেকে রান্না ঘরে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসে এসে গ্যাসের আগুন নেভাতে সক্ষম হয়। ওই কক্ষে একজন নারী কনস্টেবল বসবাস করেন। আগুনে কেউ হতাহত হয়নি।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবাই প্লাজার রয়েল রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস জমে ছিল। কক্ষটির দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আড়াইহাজার থানায় গ্যাসের আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।










