সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে মাংসের দাম নির্ধারণ করে দেয়ায় আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার করা না হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছেন তারা। এ দাবিতে গতকাল সকাল থেকে ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছেন। এর আগে বুধবার রাত ১টার দিকে জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানিয়েছেন, মহানগর এলাকায় সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। এ দামে মাংস বিক্রি করে আমাদের লাভ তো দূরের কথা উল্টো লোকসান হচ্ছে।
তিনি দাবি করেন, সিলেটের বেশির ভাগ গরু ক্রয় করা হয় বাইরের জেলা থেকে। ফলে ওই গরু সিলেট নিয়ে আসতে খরচ বেশি হয়। এর জন্য সিসিকের বেঁধে দেয়া দামে বিক্রি করা কঠিন হয়ে পড়ে।
আব্দুল খালিক আরো বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এক মাস থেকে আমরা গরু-ছাগলের মাংসের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছি। সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দামের কারণে বাধ্য হয়ে গতকাল থেকে গরু-ছাগলের মাংস বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হচ্ছে। তিনি বলেন, নতুন দাম নির্ধারণ করা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে।










