কক্সবাজারের টেকনাফে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোনারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সরওয়ার আলম জানান, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কোনারপাড়ায় পাহাড় থেকে একটি বুনো হাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। হাতিটি মো. হোসেনের বসতভিটায় এলে আচমকা মাটিতে পড়ে ছটফট করতে থাকে। স্থানীয়রা সেখানে হাতিটিকে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে গৃহকর্তা বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। একপর্যায়ে হাতিটি মারা যায়। বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরওয়ার আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেরিনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

হাতিটির মৃত্যুর ঘটনায় কারো সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্ত শেষে হাতির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হবে।