বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

গতকাল বিকাল ৫টা ৫৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ হয়। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

গতকাল বিকাল ৪টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষ কুশল বিনিময় করেন এবং পরস্পরের খোঁজখবর নিয়েছেন। এরপর বিকাল সাড়ে ৪টায় তারেক রহমান ও ভুটানের রাষ্ট্রদূতের বৈঠকে সাক্ষাতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষাতে দুই পক্ষ কুশল বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র কীভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।