নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা ও মদনপুর এলাকায় অবস্থিত ১৬টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ৪৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স আওলাদ ব্রিকস এবং সোনারগাঁও টাটা ব্রিকসের বিরুদ্ধে মামলা করা হয়। মেসার্স আওলাদ ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই এলাকার হাজী রিয়াজ ব্রিক ফিল্ড থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করে আগামী সাতদিনের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বন্দর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান চালায়। গতকাল সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জরিমানা করা ইটভাটাগুলো হলো মেসার্স আল্লাহ মহান ব্রিকস, মেসার্স আওলাদ ব্রিকস, মেসার্স খান ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস, মেসার্স সেভেন জিরো সেভেন ব্রিকস, মেসার্স ভূইয়া ব্রিকস, মেসার্স দেওয়ান ব্রিকস, মেসার্স ভূইয়া ব্রিকস, মেসার্স আল মদিনা ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স আল্লাহর দান ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-১, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-২, হাজী রিয়াজ ব্রিক ফিল্ড দশদোনা, মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস। ওই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মুজাহিদ ও মো. মোবারক হোসেন।
এ সময় পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।










