সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় দিয়া মনি (৬) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ স্বজনরা। দিয়া মনি শহরের দিয়ার ধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।
গত শনিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকায় মুজিবসড়কে অবস্থিত বেসরকারি আভিসিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশুটির চাচা রাসেল আহমেদ অভিযোগ করে বলেন, পিত্তথলিতে পাথরজনিত সমস্যার কারণে শনিবার বিকালে দিয়া মনিকে আভিসিনা হাসপাতালের শৈল্য চিকিৎসক (সার্জন) ডা. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকের অবহেলায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে স্বজনরা অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু দিয়া মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই মৃত শিশুর আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা হাসপাতালে ঢুকে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। শিশুটির পরিবার অভিযোগ করলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










