মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর সাত মাস পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে ঝিনাইদহ পৌরসভার দায়িত্ব প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বিকালে মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসক ঝিনাইদহ স্থানীয় সরকারের উপপরিচালকের কাছে পৌরসভার দাায়িত্ব হস্তান্তর করেন মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত প্রশাসক ইয়ারুল ইসলাম জানান, সর্বশেষ ২০১১ সালের ১৩ মার্চ ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন সাইদুল করিম মিন্টু। ২০১৬ সালের ২ এপ্রিল মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা সংক্রান্ত মামলা চলমান থাকায় নির্বাচন হয়নি।
জটিলতা শেষ হওয়ায় পৌরসভার প্রশাসক নিয়োগ দিতে গত রোববার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। ওই প্রজ্ঞাপনে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালককে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ নিয়োগের ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









