বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মহেশখালী ও সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকৃত মরদেহ দুটি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলামের। 

কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানিয়েছেন, শনিবার বিকালে মহেশখালী চ্যানেলে আবু তৈয়বের মরদেহ ও সন্ধ্যায় সোনাদিয়া চ্যানেলে সাইফুল ইসলামের মরদেহ ভাসতে দেখেন জেলেরা। পরে নিহতের স্বজনদের সহযোগিতায় কোস্ট গার্ডের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন। 

এর আগে গতকাল শুক্রবার বিকালে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এ সময় ১৯ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে করে তীরে ফেরেন আরো তিনজন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন জেলে।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল দুপুরে ট্রলার ডুবির পর দুই দফায় ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে আজ বিকেলে তৈয়বের লাশ ও সন্ধ্যায় সাইফুলের উদ্ধার করা হয়।