নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় অটোরিকশা চালক আপনকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টা টানা অভিযান চালিয়ে এই হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আমির হোসেন ওরফে আমিন, নাহিদ, ইসমাইল খন্দকার, বিল্লাল হোসেন ও সাইদুল।

নাজমুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী, নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর এলাকায় অটোচালক দুই বন্ধু স্থানীয় একটি মেয়েকে পছন্দ করতেন। এ নিয়ে দুই বন্ধু আপন ও নাহিদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরে বন্ধু আপনকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন তার অপর দুই বন্ধু আমির হোসেন ওরফে আমিন এবং নাহিদ।

পরিকল্পা অনুযায়ী, ২৫ এপ্রিল রাত নয়টার দিকে চর সৈয়দপুর কাঠপট্টি এলাকায় রেইনবো ডাইংয়ের পেছনে আমির হোসেন আমিন এবং নাহিদ আপনকে ডেকে আনেন এবং একসঙ্গে মিলে নেশাজাতীয় দ্রব্য পান করেন। পরে আমির হোসেন ও নাহিদ আপনকে জাপটে ধরে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আপনের অটোরিক্স নিয়ে পালিয়ে যান। আগের চুক্তি অনুযায়ী কুমিল্লার হোমনা উপজেলার বিল্লাল, ইসমাইল ও সাইদুলের কাছে অটোরিকশাটি ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন তারা। এরপর নগদ ২০ হাজার টাকা নিয়ে তারা নারায়ণগঞ্জে ফিরে আসেন।

পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে মামলার আসামি নাহিদ, আমির হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার হোমনা এলাকা থেকে ইসমাইল খন্দকার, বিল্লাল হোসেন ও সাইদুলকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, হত্যাকারী দুইজনের কাছ থেকে অটোরিকশা বিক্রির ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।