সিলেটে কলেজছাত্র সোহেল আমিন হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম রফিক বকস (৪৫) দক্ষিণ সুরমার সিলামের মৃত তাছির বকসের ছেলে। গতকাল দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুননেছা এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জুবায়ের বখত জুবের জানান, ২০১৩ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ সুরমার সিলাম এলাকায় মুরগি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন কলেজছাত্র সোহেল আমিন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাইয়ুম ওই দিনই রফিক বকস ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা করেন। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রায়ে বিচারক রফিককে মৃত্যুদণ্ড ও তার স্ত্রী সাথী বেগমকে বেকসুর খালাস দেন। দণ্ডিত রফিককে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।