ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় গতকাল ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেনের সাতটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে আপলাইনে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

অতি তাপমাত্রার কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ লাইনচ্যুতি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনার ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বন্ধ থাকা আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ চলছিল।

স্থানীয় ব্যক্তি ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কনটেইনার বহনকারী ট্রেনটি জেলা শহরের গোকর্ণ এলাকা অতিক্রম করে দুপুর ১২টা ৫০ মিনিটে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় পৌঁছলে সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকা অভিমুখী রেলপথে (আপলাইন) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পাশে থাকা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী রেলপথ (ডাউনলাইন) দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে এক লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটে। সব ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সচল হতে আরো অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন রেলসংশ্লিষ্টরা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বণিক বার্তাকে জানান, অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেনটির সাতটি ওয়াগনের ১২টিরও বেশি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর আখাউড়া জংশনে খবর দেয়ার পর উদ্ধারকারী ট্রেন এসে বিকালে উদ্ধারকাজ শুরু করে।

তিনি আরো জানান, দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটির উদ্ধারকাজ শেষে ক্ষতিগ্রস্ত রেললাইন ও স্লিপার মেরামত শেষে ট্রেন চলাচল সচল হতে আরো সময় লাগবে।

এদিকে দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয় ঘটায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। এছাড়া প্রায় সোয়া ৪ ঘণ্টা বিলম্বে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন।