রাজধানীর আদাবর থানায় করা পোশাককর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রোববার (১৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
এর আগে ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতারের কথা জানানো হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।










