লক্ষ্মীপুরে বসতঘরে আগুনের ঘটনায় আনিকা আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন তার মা জোৎস্না বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদ (৯)।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামে আনোয়ার হোসেনের বসতঘরে আগুনের ঘটনা ঘটে। এ সময় আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান।
এ বিষয়ে স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একজনের মৃত্যু ও দুজন দগ্ধ হয়।










