নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে ডাকাতির সময় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ সময় ডাকাতদের হামলায় এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান নামে দুই নৌ-পুলিশ সদস্য আহত হয়েছেন। গোলাগুলির পর স্থানীয়দের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ। স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে ও শটগানের গুলিতে পাঁচ ডাকাত আহত হয়েছে। এ সময় তিনটি টর্চলাইটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় বক্তাবলীর চর রাজাপুর এলাকায় একটি বাল্কহেডে ডাকাতির সময় এ ঘটনা ঘটে। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নান্নু মিয়া।

আটকরা হলেন ময়না খান (৩০), বাবুল হক (৫৫), আরাফাত হালদার (৩০), হারুন বেপারী (৫০), মো. হূদয় খান (২১), শাহ আলম (৫০), শাহ জাহান খান (৫২) ও সোজাত হালদার (৪০)।