সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় অবিরাম
বৃষ্টিতে মাটির ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে একই পরিবারের মা-মেয়ে ও ছেলেসহ চার জন নিহত
হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টায় মরিচ্যাঘোনা পানিরছড়া এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে
ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা
ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা
ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
তিনি জানান, ফকির মোহাম্মদের বাড়ি
মাটি দিয়ে তৈরি। গতকাল বৃষ্টি শুরু হওয়ায় ঘরের ওপর ও চারপাশে ত্রিপল দিয়ে ঘুমাতে যান
পরিবারের সদস্যরা। রাত ৩টার দিকে বিরামহীন বৃষ্টির মাঝে মাটির দেয়াল ভেঙে পড়ে। ঘটনাস্থলে
চারজন মারা যান।
রাশেদ মাহমুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন
করা হয়েছে। চাল ও কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে।
সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনও।










