মাস্ক না পরার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় সাত পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, অর্থদণ্ডপ্রাপ্ত ৭জনের মধ্যে ৩ জন ট্রাকচালক, ২ জন ক্রেতা ও ২ জন মোটরসাইকেল আরোহী। প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে তাদের অল্প জরিমানা করা হয়েছে। এটি তাদের জন্য একটি সতর্কবার্তা। কোনোভাবেই কাউকে রাস্তায় মাস্ক ছাড়া চলতে দেয়া হবে না।
তিনি আরো মনে করিয়ে দেন, আইন শতভাগ মেনে চলতে হবে। অন্যথায় সর্বোচ্চ শাস্তি অর্থাৎ এক লাখ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ মাস্ক না পরে বাইরে বের হলে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।









