নিম্ন আদালতের বিচারকদের চাকরিবিধি ও শৃঙ্খলাপরিপন্থী স্ট্যাটাস ও মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, বিচারবিভাগের কিছু কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেয়া সুপ্রিম কোর্টের নির্দেশনা মানছেন না। বিজ্ঞপ্তিতে একে অনাকাঙ্খিত ও অনভিপ্রেত বলেও মন্তব্য করা হয়।

আজিজ আহমেদ ভূঞার দেয়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোনো কোনো কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন এবং কেউ কেউ নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কেও বিরূপ মন্তব্য করছেন, যা চাকরি শৃঙ্খলা ও বিধিমালার পরিপন্থী এবং অসদাচরণের সামিল। এ পরিস্থিতিতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেয়া নির্দেশনাসমূহ মানতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এই নির্দেশ আদিষ্ট উল্লেখ করে বলা হয়, কোনো অবস্থায়ই বিচার বিভাগীয় কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় কোনো স্ট্যাটাস ও মন্তব্য শেয়ার করতে পারবেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই নির্দেশনা অমান্য করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে।