নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের অভ্যন্তরে একটি নির্মাণাধীন ভবনের খালি প্লটে পাইলিং করার সময় তিতাসের গ্যাসের ২০ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গতকাল সকাল ১০টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় ইপিজেড এলাকা ও সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও আদমজী ইপিজেড কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় ইপিজেডের অভ্যন্তরে পলমল গ্রুপের হামজা ফ্যাশন নামের একটি ইউনিটের খালি প্লটের নিচে পাইলিং করার সময় তিতাসের গ্যাসের পাইপ ফেটে যায়। এক পর্যায়ে সকাল ১০টার দিকে ওই গ্যাস পাইপে আগুন ধরে যায়। খবর পেয়ে আদমজী, মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকাল সাড়ে ৫টায় তিনি জানান, এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। গ্যাস পাইপ ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনে লাগেনি। সকাল ১০টার দিকে আগুন লাগে। তবে মনে হয় স্পার্ক থেকেই আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ৩০-৪০ ফুট ওপরে উঠে যায়। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক আহসান কবির বলেন, আমরা পলমল গ্রুপের হাজমা ফ্যাশন নামের একটি ইউনিটকে সাতটি প্লট দিয়েছি। শুক্রবার খালি প্লটের পাইলিংয়ের কাজ করতে গিয়ে ২০ ফুট মাটির নিচে গ্যাস লাইনের পাইপ ছিল। সেই গ্যাস লাইনে আগুন লেগে যায়। সকাল ৭টায় গ্যাস লাইন ফেটে গিয়ে গ্যাস বের হয়। খোলা মাঠের মধ্যে আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাছাকাছি কোনো ফ্যাক্টরিও ছিল না। এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ব্যবস্থাপনা প্রকৌশলী সাকির আহমেদ বলেন, আদমজী ইপিজেডের অভ্যন্তরে পাইলিং করার সময় গ্যাস পাইপ ফেটে যায়। বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর মেরামত কাজ শুরু হয়। মেরামত কাজ শেষ করতে কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের কারণে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। মেরামত কাজ শেষে গ্যাস সরবরাহ চালু করা হবে।