যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদরের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও একই গ্রামের আলমীগর হোসেনের ছেলে সালমান হোসেন। নিহতরা সবাই নতুনহাট কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, ছুটির দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তার ভাতিজা। দুটি মোটরসাইকেলে চারজন ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। রাত ৯টার দিকে ফেরার পথে নতুনহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ট্রাক চালককে আটকে অভিযান চলছে।










