নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ট্যাংকলরির চাকা বিস্ফোরণের (চাকা ফেটে) পর রিঙের আঘাতে জসিম উদ্দিন (৩৫) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী জুবাইদা আক্তার (২৩) আহত হয়েছেন। রোববার দুপুরে স্বামী-স্ত্রী এ ঘটনায় আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় গৃহকর্তা জসিম উদ্দিন মারা যান। রোববার রাত সাড়ে ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্রল পাম্পের সামনে দিয়ে স্বামী-স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি তেলবাহী লরির চাকা বিস্ফোরণের (চাকা ফেটে যায়) ঘটনা ঘটে। এতে স্বামী জসিম উদ্দিন ও স্ত্রী জুবাইদা আক্তার আহত হন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, লরির চাকা ফেটে গেলে চাকার রিঙের আঘাতে স্বামী-স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় স্বামী মারা যান। স্ত্রী এখনো একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।