রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি গণতন্ত্র নষ্ট করেছে, জনগণের ভোটাধিকার নষ্ট করেছে। এখন গণতন্ত্রের কথা বলে পরিবেশ গরম করার চেষ্টা করেছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জে ডাবল রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে শেখ রাসেল পার্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘ডাবল লাইন কাজ শেষ হলে ঢাকা- নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ৫০ বার ট্রেন চলাচল করবে। মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে। জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে রেলপথ চলাচল উপযোগী করা হবে।’
রেলমন্ত্রী বলেন, ‘উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের নিজস্ব জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ নিয়ে কোনো দ্বিমত নেই। যেসব জায়গা উন্নয়নের জন্য ব্যবহার করতে পারছি না, কিন্তু রেলওয়ের দখলে আছে তা চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইনের কারণে সড়কে যাতে যানজট সৃষ্টি হতে না পারে, এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









