দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিমঝিম গ্রুপের রিমঝিম আবাসন প্রকল্পে হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রকল্পে কর্মরত চার নৈশপ্রহরীকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
প্রকল্পের সাইট ম্যানেজার মিজানুর রহমান জানান, এক মাস ধরে ভোলাব এলাকার তারেক মোল্লাসহ কয়েকজন রিমঝিম আবাসন প্রকল্পের কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় ১০ দিন আগে তারা প্রকল্পের ভেতরে কাজ বন্ধ করে দেয়ার পাশাপাশি দায়িত্বরত কর্মচারীদের হুমকি দেয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফের তারেক মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জন ধারালো অস্ত্র নিয়ে প্রকল্পের ভেতরে প্রবেশ করে। সেখানে কর্মরত নৈশপ্রহরী মোহাম্মদ আলী, নবী হোসেন, আনোয়ার ও মিথুনকে মারধর করে হাত-পা বেঁধে একটি ঘরের ভেতর আটকে রেখে প্রকল্পের ভেতরের দুটি ঘর, নয়টি আর্থ মুভার ভাংচুর ও বিভিন্ন মালপত্র লুটে নেয়। এ সময় তারা প্রকল্পের ভেতরে শতাধিক গাছ কেটে ফেলে। হামলার খবর পেয়ে পুলিশ ও আশপাশের লোকজন রাত সাড়ে ১২টার দিকে ঘরের ভেতর আটকে রাখা চার নৈশপ্রহরীকে উদ্ধার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত তারেক মোল্লাকে সেলফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, প্রকল্পে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।










