লক্ষ্মীপুরে নতুন করে করোনাভাইরাসে আরো ৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৫টি নমুনা পরীক্ষার পর ৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। 

আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আবদুল গাফফার।

তিনি জানান, করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন সদর উপজেলার ও ১ জন রামগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১৫, কমলনগরে ৩, রামগতিতে ১ ও সদর উপজেলায় ৩ জন রয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লক্ষ্মীপুর সদরে ১, কমলনগরে ৩ ও রামগঞ্জ উপজেলায় কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীসহ ১৩ জন করোনা রোগে আক্রান্ত হয়। এছাড়াও সর্বপ্রথম গত (১২ এপ্রিল) রামগতিতে ১ ও রামগঞ্জ উপজেলায় ১ করোনা পজেটিভ রোগী ধরা পড়ে। বর্তমানে ওই দুজন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আবদুল গাফফার জানান, ৪৫টি নমুনা পরীক্ষার পর ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।