ঢাকার ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সফলভাবে অনুষ্ঠিত হলো আরবান ইয়ুথ ক্লাইমেট কনফারেন্স ২০২৫। সম্মেলনে অংশ নেন তরুণ নেতা, জলবায়ু কর্মী, বিশেষজ্ঞ ও কমিউনিটি প্রতিনিধিরা। বাংলাদেশের নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের জরুরি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত এ সম্মেলনের নেতৃত্ব দিয়েছেন সমন্বয়কারী ও নগর গবেষক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘নগর উন্নয়নের পরিকল্পনা করতে হলে অবশ্যই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিতে হবে। তরুণরা এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে, তাই তাদের মতামত নীতি নির্ধারণে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি।’
কনফারেন্সের সহযোগিতায় ছিল চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডব্লিউএফ)। সংগঠনটির পরিবেশবিদ ও চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী বলেন, ‘শিশু ও তরুণদের ভবিষ্যৎ রক্ষার জন্য এখনই পরিবেশবান্ধব নীতি গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশকেই নয়, শিক্ষা ও স্বাস্থ্যকেও গভীরভাবে প্রভাবিত করছে।’
ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং বাংলাদেশ (আইডব্লিউবি) এর অংশীদারিত্বের এ কনফারেন্সের সহায়তায় ছিল ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট। নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেনন প্রতিষ্ঠানটির পরিচালক গাউস পিয়ারি।
-বিজ্ঞপ্তি










