লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে ইয়াসিন আরাফাত (৫) ও পিয়াম হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের মধ্যে চর রমণী গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন মধ্য চর রমণী গ্রামের মো. শরীফের ছেলে ও পিয়াম একই এলাকার কামাল হোসেনের ছেলে। দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, আরাফাত ও পিয়াম উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে তাদের সেখানে আর দেখা যায়নি। এরপর স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। তোদের কোথাও পাওয়া যায়নি। বেলা আড়াইটার দিকে পুকুরে নেমে সবাই খুঁজতে থাকেন। একপর্যায়ে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। স্বজনরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে কিছু জানি না। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।









